
দূষণে জেরবার দিল্লিতে কামড় বসাতে শুরু করেছে শীত। রবিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি কম। আইএমডি জানিয়েছে, হিমালয় অঞ্চল থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে।
ফলে ভোরের দিকে এবং বিকেলে সূর্যাস্তের পর থেকেই বেশ ঠান্ডা অনুভব করা যাচ্ছে। রাতে তাপমাত্রার পারদ আরও নামছে। সোমবার থেকে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। এই সময়ে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে দূষণের ছবিটা এখনও বদলায়নি রাজধানীতে। বরং পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ থেকে অত্যন্ত ভয়ানক পর্যায়ে পৌঁছেছে।
শনিবার রাজধানীর বেশির ভাগ এলাকায় একিউআই ৩৫০-এর আশপাশে ঘোরাফেরা করেছে। কিন্তু রবিবার সকালে বাতাসের গুণগত মান বেশির ভাগ জায়গায় ৪০০ ছাড়িয়ে গিয়েছে। যা অত্যন্ত ভয়ানক পর্যায়ের মধ্যে পড়ে।
