
দিল্লি বিস্ফোরণ নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার মন্তব্যের পালটা এবার মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি জানিয়েছেন,দেশের সন্ত্রাসের বীজ পোঁতা হয়েছিল জম্মু ও কাশ্মীরে।
আজ সেটাই গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শশী থারুরর এই মন্তব্য সামনে আসার পর শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।শশীর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে শ্রীনগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার এক বয়ান।দিল্লি বিস্ফোরণে কাশ্মীরের যোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে সন্ত্রাসবাদে কাশ্মীরিদের দিকে আঙুল তোলার এই প্রবণতা’র নিন্দা করে ফারুখ বলেছেন,সমস্ত কাশ্মীরিদের দিকে আঙুল তোলা হচ্ছে। সেই দিন কবে আসবে যখন এরা বিশ্বাস করবে আমরাও ভারতীয়। এই হিংসার দায় আমাদের নয়। যে এই ঘটনার জন্য দায়ী তাঁদের প্রশ্ন করুন কেন একজন চিকিৎসক এই পথ বেছে নিচ্ছেন? গভীরভাবে বিষয়টি খতিয়ে দেখা উচিৎ।
পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির পক্ষে সওয়াল করেন তিনি।ফারুখের সেই মন্তব্যের পালটা এক বিবৃতিতে শশী থারুর বলেছেন,দেশে সন্ত্রাস শুরু হয়েছিল ১৯৮৯-৯০ সালে কাশ্মীরে। ধীরে ধীরে তা মুম্বাই, পুণে হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। গত ৩০ বছর ধরে সন্ত্রাসের মার সহ্য করছে ভারত। সময় এসেছে এই নারকীয়তার বিরুদ্ধে কঠোর এবং যথোপযুক্ত পদক্ষেপের।
