
অন্ধ্রপ্রদেশের অলুরি সীতারামা রাজু জেলার মারেদুমিল্লির গভীর জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৭ মাওবাদীর।
বুধবার বিজয়ওয়াড়ায় এক সাংবাদিক বৈঠকে অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মহেশ চন্দ্র লাড্ডা জানিয়েছেন, আগের দিনের অভিযানের সূত্র ধরেই এই সাম্প্রতিক সংঘর্ষ। যে তথ্য এসেছে, তাতে এখন পর্যন্ত ৭ জন মাওবাদীর মৃত্যু নিশ্চিত হয়েছে। পরিচয় যাচাইয়ের কাজ চলছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে ইতিমধ্যেই যাকে শনাক্ত করা গেছে, তিনি মেটুরি জোখা রাও, দলীয় নাম টেক শঙ্কর। তিনি শ্রীকাকুলামের বাসিন্দা। অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলে এরিয়া কমিটি মেম্বারের দায়িত্বে ছিলেন তিনি। প্রাথমিক তদন্ত বলছে, অস্ত্র তৈরি, প্রযুক্তিগত অপারেশন ও যোগাযোগ ব্যবস্থায় তাঁর ছিল বিশেষ দক্ষতা। উল্লেখ্য, মঙ্গলবারই মাওবাদীদের শীর্ষ নেতা মাদভী হিমডার মৃত্যু হয়েছে নিরাপত্তাবাহিনীর গুলি।
তার স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তারপর থেকেই বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি জারি ছিল মারেদুমিলির জঙ্গলে। I
