
লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের আগে পার্কিংয়ে বসেই বিভিন্ন উপকরণ মিলিয়ে তৈরি করা হয়েছিল বোমা।
সেটি বানিয়েছিলেন দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূলচক্রী তথা চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর নবি নিজেই। লালকেল্লার কাছে বিস্ফোরণকাণ্ডের তদন্ত এমনটাই উঠে এসেছে। ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে একটি হুন্ডাই আই-২০ গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়ির চালক ছিলেন উমর নবি। পরে আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে একটি পার্কিংয়ে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। বিস্ফোরণের দিন দুপুরে ওই পার্কিংয়ে প্রবেশ করেছিল গাড়িটি। বেরিয়েছিল সন্ধ্যায়, বিস্ফোরণের ঠিক আগে।
পার্কিং থেকে বার হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয়।








