
এসআইআর চালু হওয়ায় রাজ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালবাজারে বিএলও-র আত্মঘাতী হওয়ার ঘটনায় এসআইআর স্থগিত করার দাবি জানিয়ে ফের সরব হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফের একজন বিএলওকে হারালেন। এসআইআর-র কাজের অসহ্য চাপে তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন। এসআইআর শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। কারও মৃত্যু আতঙ্ক এবং অনিশ্চয়তা, কারও মৃত্যু আবার অতিরিক্ত কাজের চাপে। তথাকথিত নির্বাচন কমিশনের অপরিকল্পিতভাবে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেছেন আগে এসআইআর ৩ বছর ধরে হয়েছিল, সেটা ভোটের আগে ২ মাসে করা হচ্ছে। খোঁচা দিয়ে বলেছেন রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতে তাড়াহুড়ো করা হচ্ছে। বিএলওদের ওপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে মানবিক দৃষ্টি নিয়ে কাজ করার কথা বলেছেন।
আর কোনও মৃত্যুর আগে অবিলম্বে অপরিকল্পিত এসআইআর বন্ধ করুক কমিশন। সোশ্যাল মিডিয়ায় এভাবেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
