
রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে ইউক্রেনকে ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দেওয়ার পাশাপাশি সামরিক সক্ষমতা হ্রাসের প্রস্তাব দিয়েছে আমেরিকা।
যুদ্ধ বন্ধে আমেরিকার ওই খসড়া পরিকল্পনা মেনে নিতে ওয়াশিংটন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই মধ্যে ইউক্রেনে পৌঁছেছেন মার্কিন সামরিক কর্তারা।সংবেদনশীল বিষয় হওয়ায় নাম-পরিচয় প্রকাশে রাজি না হওয়া এ সম্বন্ধে অবগত অন্তত দু’ ব্যক্তি বার্তা সংস্থাকে এসব বলেছেন। সূত্রগুলো বলছে, মার্কিন প্রস্তাবের মধ্যে আরো অনেক কিছুর পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার ছোট করার কথাও আছে। সূত্রগুলোর ভাষ্য, ওয়াশিংটন চাইছে কিয়েভ যেন পরিকল্পনার মূল প্রস্তাবগুলো মেনে নেয়।প্রস্তাবগুলোতে পূর্বাঞ্চলের যেসব এলাকা এখন ইউক্রেনের দখলে নেই তা মস্কোকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কিয়েভ ও ইউরোপে ভবিষ্যৎ যেকোনো রুশ আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে তথাকথিত এই নতুন মার্কিন পরিকল্পনার বিষয়ে ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন, এগুলো কিয়েভকে আরো কোণঠাসা করতে ট্রাম্প প্রশাসনের নতুন চেষ্টা।
ইউক্রেনের অবস্থান ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের কথা বিবেচনায় না নিয়ে কোনো সমাধানই হতে পারে না, বলেছেন তিনি।আরেক ইউরোপীয় কূটনীতিক বলেছেন, ইউক্রেনকে সামরিক বাহিনী ছোট করে ফেলার যে কথা বলা হচ্ছে তা গুরুতর কোনো প্রস্তাব মনে হচ্ছে না,বরং মনে হচ্ছে রাশিয়ার দাবি।
