
জন্ডিসে আক্রান্ত হচ্ছে একের পর এক পড়ুয়া। অথচ বার বার কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও লাভ হয়নি। তারই প্রতিবাদে এ বার ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছেন মধ্যপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
ভাঙচুর করা হয়েছে আচার্যের বাংলোতেও। মঙ্গলবার রাতে ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ইনদওর-ভোপাল হাইওয়ের উপর বিক্ষোভ দেখিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাত বাড়তেই একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ছিলেন।
একসঙ্গে প্রায় ২৪ জন অসুস্থ হয়ে পড়ার পরেই টনক নড়ে পড়ুয়াদের। তাঁদের কথায়, স্বাস্থ্যবিধি মেনে না চলা, হস্টেলের খাবারের মান খারাপ হওয়া— এ সবের জেরেই এমনটা ঘটছে। গত মাসেই নাকি জন্ডিসে আক্রান্ত হয়ে তিন জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। অথচ বার বার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি।







