
আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যা আয়োজকদের দাবি অনুযায়ী, শুধু বাংলা নয়, ভারতেও প্রথমবার এত বড় সমবেত গীতা পাঠের আয়োজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা। সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যোগগুরু বাবা রামদেবকে। বিশেষ অতিথির তালিকায় রয়েছেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী। আয়োজকদের মতে, পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সমাজে বিভাজন ও উত্তেজনার আবহে গীতার সারবত্তা মানুষের মধ্যে শান্তি, স্থিরতা ও মূল্যবোধ জাগাতে পারে, এটাই এই উদ্যোগের মূল প্রেরণা।




