
জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জম্মু পুলিশ গ্রেফতার করেছে ১৯ বছরের এক যুবককে। রিয়াসির বাসিন্দা ওই যুবক কিছুদিন ধরে বসবাস করছিল জম্মুর বাথিন্দি এলাকায়।
সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। পুলিশ জানাচ্ছে, অনলাইনে র্যাডিক্যালাইজড হয়েছিল সে এবং কোনও সন্ত্রাসমূলক হামলার পরিকল্পনাও করছিল বলে সন্দেহ। তদন্তকারীদের দাবি, পাকিস্তান-সহ বিদেশে থাকা জঙ্গি মদতদাতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ওই যুবকের।
ঘটনার পরিপ্রেক্ষিতে বাহু ফোর্ট থানায় দায়ের হওয়া মামলা— ভারতীয় ন্যায় সহিতা-র ১১৩-র ৩ ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে। কোন কোন চ্যানেলে যোগাযোগ চলছিল, কারা তাকে প্রভাবিত করেছিল— সবকিছুই নথিভুক্ত করার চেষ্টা চলছে।







