ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

0
511
ছবি সৌজন্যে : নিজস্ব
ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু উত্তরবঙ্গে। আরও একটি হস্তিশাবক গুরুতর জখম। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ভোটপাড়া এলাকায়। প্রাথমিক সূত্রের খবর, ধূপগুড়িতে রেললাইন পেরোতে গিয়ে হাতির মৃত্যুর ঘটনা এই প্রথম।
জানা গিয়েছে, ভোটপাড়া এলাকার বনাঞ্চলের ভিতর দিয়েই গিয়েছে রেললাইন। ওই রেললাইন পেরোচ্ছিল হাতির দল। সেইসময় একটি ট্রেন এসে পড়ে ওই লাইনে। চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রেনটি হাতিগুলিকে ধাক্কা মারে বলে খবর। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দুটি হাতি, তার মধ্যে একটি শাবকও রয়েছে বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি হাতিটির। গুরুতর জখম হয়ে শাবকটি লাইনের ধারেই পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতরে।
আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। জখম হস্তিশাবকের চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু কীভাবে ঘটল ওই ঘটনা? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকা হাতি চলাচলের জন্য বিবেচিত নয়। ট্রেন চলাচলের গতির ক্ষেত্রেও কোনও বিশেষ নির্দেশিকা ছিল না বলে খবর।