
ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে দেওয়া হোক! সুপ্রিম কোর্টে এমনই আবেদন করা হয়েছিল।
কিন্তু সোমবার দেশের শীর্ষ আদালত-র বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে আদালত এ-ও জানিয়েছে, যদি কোনও অসুবিধা হয় বা কোনও ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট ট্রাইবুনালে আবেদন করা যেতে পারে। সোমবারের শুনানিতে বেঞ্চ মামলাকারীদের উদ্দেশে বলে, আপনারা ট্রাইবুনালের কাছে যান। নির্দিষ্ট মামলার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে। ওয়াকফ আইন নতুন করে লিখতে পারেন না।
আইনের প্রয়োগ হতে দিন। কোর্ট কেন হস্তক্ষেপ করবে? ওয়াকফ সম্পত্তি সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য ৬ জুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় বলা হয়, ভারত জুড়ে সব ওয়াকফ সম্পত্তির বিবরণ ছ’মাসের মধ্যে সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর।
