
কয়েক দশক আগে পর্যন্ত ভারতের ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃদ্ধির হার আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হত। দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, গত এক দশকে তাঁর শাসনকালে সেই পরিস্থিতি বদলেছে।
উলটে ভারত এখন বিশ্বগুরু, গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন একবিংশ শতাব্দীর প্রথম ভাগ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিশ্ব অনেক উত্থান-পতন দেখেছে। অর্থনৈতিক সংকট, কোভিড মহামারী ইত্যাদি। এই পরিস্থিতি কোনও না কোনও ভাবে দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে। আজকের পৃথিবী অনিশ্চয়তায় ভরা। এই সংকটের মধ্যেই ভারত এক ভিন্ন ধারায় হাজির হচ্ছে। ভারত আত্মবিশ্বাসী। যখন বাকি পৃথিবী সঙ্কটের মুখে, ভারত তখন আর্থিক বৃদ্ধির কাহিনি লিখছে।
যখন বিশ্ব আস্থাহীনতায় ভুগছে, তখন ভারত আস্থার স্তম্ভ হয়ে উঠছে। বিগত কংগ্রেস সরকারকে এক হাত নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, নিজের নাগরিকদের উপরেই আস্থা ছিল না ওদের। বিজেপি সরকার কাজ করার সেই পুরনো পদ্ধতি ভেঙে দিয়েছে।
