
পাকিস্তানি সেনা চৌকিতে জঙ্গি হামলায় মৃত ৬। ঘটনাটি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের। পাক সেনার পক্ষ থেকে এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে।
যদিও কোনও জঙ্গি গোষ্ঠী এখনও এই হামলার দায়স্বীকার করেনি। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় কমপক্ষে ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, আমাদের ছয়জন সেনা শহিদ এবং দুইজন আহত হওয়ার খবর পেয়েছি, পাশাপাশি প্রায় ১২ জন জঙ্গিও নিহত হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তল্লাশি অভিযান চলছে।
নিরাপত্তা বাহিনী উসমান খাইবারি নামে একজন স্থানীয় জঙ্গি কমান্ডারকেও হত্যা করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলেছে। পাকিস্তানি সেনার দাবি গুলির লড়াইয়ের একটি পর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। আক্রমণে আফগান বাহিনীর তিনটি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।








