
অনিল আম্বানির পুত্র জয় অনমোলের বিরুদ্ধে এ বার অভিযোগ দায়ের করেছে সিবিআই। রিলায়্যান্স হাউসিং ফিনান্স লিমিটেড-এর সঙ্গে সম্পর্কিত ব্যাঙ্ক প্রতারণার মামলায় এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অনিলের মালিকানাধীন গোষ্ঠীর বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চালাচ্ছে দুই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এ বার ব্যাঙ্ক প্রতারণার মামলায় অভিযুক্ত হিসাবে অনিলপুত্রের নামও জুড়েছেন সিবিআই আধিকারিকেরা।
২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইয়েস ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সময় অনিলের সংস্থা নিয়ম মানেনি বলে অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত অভিযোগের তদন্তে ইতিমধ্যে বেশ কিছুটা অগ্রগতিও হয়েছে। এ বার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রতারণার অভিযোগে নাম জড়াল অনিলপুত্র জয়ের।








