
পরবর্তী মুখ্য তথ্য কমিশনার মনোনীত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় তথ্য কমিশনের আরও আট জন কমিশনারের শূন্য পদে নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেবে এই প্যানেল।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্যানেল এ দিনই বৈঠকে বসবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্র। বেলা একটা নাগাদ এই বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছন অমিত শাহ। বেলা আড়াইটে নাগাদ অমিত শাহ এবং রাহুল গান্ধী-কে পিএমও থেকে বেরিয়ে যেতে দেখা যায়৷ সূত্রের খবর, বৈঠকে মুখ্য তথ্য কমিশনার পদে তিন জনের নাম বৈঠকে প্রস্তাব করেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ৷ যদিও কেন্দ্রের ঠিক করা এই তিন জনের একজনকেও মুখ্য তথ্য কমিশনার পদে মেনে নিতে রাজি হননি রাহুল গান্ধী৷
প্রত্যেকটি নামেই আপত্তি জানান তিনি৷ সূত্রের খবর আপত্তি জানানোর জন্য আগে থেকেই নোট তৈরি করে এনেছিলেন রাহুল গান্ধী৷







