ডিজিসিএ দফতরে হাজিরা ইন্ডিগো সিইও-র  

0
123
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র দফতরে বৃহস্পতিবার হাজিরা দিয়ে উড়ান বাতিল সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স।
বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ডিজিসিএ দপ্তরে ঢুকতে দেখা যায় তাকে। দেশের বিমানবন্দরগুলিতে যাত্রীদের কতটা ভোগান্তি হচ্ছে, তা খতিয়ে দেখতে সিইওর কাছে উড়ান বিভ্রাট সংক্রান্ত গত কয়েক দিনের নথি চেয়েছে ডিজিসিএ। এদিকে বৃহস্পতিবারও ইন্ডিগোর ৬০ টি বিমান বাতিল হয়েছে। যদিও ইন্ডিগোর দাবি, মঙ্গলবার থেকেই তারা আবার আগের ছন্দে ফিরে এসেছে। গতকাল ইন্ডিগোর চেয়ারম্যান বিক্রম সিংহ মেহতা এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় বিমানবিভ্রাটের জন্য ক্ষমা চেয়েছেন। বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী সমস্যায় পড়েছেন, তাঁদের ক্ষতিপূরণের জন্য ১০ হাজার টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করেছে ইন্ডিগো। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সংস্থার তরফে বলা হয়েছে , আগামী ১২ মাসের মধ্যে ইন্ডিগো বিমানের টিকিট কাটলে এই ভাউচারের মাধ্যমে টিকিটের দামে ছাড় পাবেন যাত্রীরা।
ইতিমধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু ইন্ডিগোর সিইও-র সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, শুধু ইন্ডিগো নয়, ডিজিসিএ-কেও তদন্তের আওতায় আনা হবে। প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটারকে বরখাস্ত করার নির্দেশও দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।