
ভারতের পণ্যের উপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছেন, তা বেআইনি। অবিলম্বে ওই শুল্ক বাতিল করা উচিত।
মার্কিন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ এমনই এক প্রস্তাব পেশ করা হয়েছে। বলা হয়েছে, চড়া শুল্কের কারণে আখেরে ক্ষতি হচ্ছে আমেরিকার। সংসদে এ বিষয়ে আলোচনা হতে পারে।
ভারতের শুল্ক বাতিল চেয়ে মার্কিন সংসদে প্রস্তাব পেশের নেপথ্যে রয়েছেন ওই কক্ষের তিন জন সদস্য— ডেবোরা রস, মার্ক ভিসে এবং ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি। ভারত ছাড়াও ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্কের হার এটাই। সংসদ সদস্যেরা ব্রাজিলের শুল্কও বাতিল চেয়েছেন।








