
মুম্বইয়ের বিএমডব্লিউ-কাণ্ডে মূল অভিযুক্ত মিহির শাহের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, এই ধরনের ছেলেদের উচিত শিক্ষা হওয়ার দরকার।
মিহিরের বাবা রাজেশ শাহ শিবসেনার প্রাক্তন নেতা। মহারাষ্ট্রের শাসক জোটের অন্যতম শরিক শিবসেনা শিণ্ডে গোষ্ঠী-র নেতা ছিলেন তিনি। মিহিরের গ্রেফতারির পরে দল থেকে বহিষ্কার করা হয় রাজেশ-কে। দুর্ঘটনাটি ঘটেছিল গত বছরের জুলাইয়ে। মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল বিএমডব্লিউ সেডান চালিয়ে বাড়ি ফেরার সময় একটি স্কুটারে ধাক্কা মারেন মিহির। তার জেরে মৃত্যু হয় স্কুটার আরোহী কাবেরী নাকওয়ারের। গুরুতর আহত হন কাবেরীর স্বামীও।
এর পরেই বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মিহির। ধাক্কা মারার পরে ওই মহিলা কিছু ক্ষণ গাড়ির বনেটে আটকে ছিলেন। তার পরে প্রায় দেড় কিলোমিটার পথ গাড়ির চাকায় জড়িয়ে ছিলেন মহিলা। সেই অবস্থাতেই গাড়ি ছুটিয়ে নিয়ে যান ২৪ বছর বয়সি মিহির। বম্বে হাই কোর্ট আগেই মিহিরের জামিনের আর্জি খারিজ করে দেয়। পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।







