
চূড়ান্ত অব্যবস্থা কি কারণে, খতিয়ে দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। রবিবার সকালেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী মাঠ ঘুরে দেখেছেন।
লন্ডভন্ড যুবভারতীর ভিডিওগ্রাফি করা হয়েছে। মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন সেই পথ দিয়েই কমিটির সদস্যরাও যুবভারতীতে ঢোকেন। কীভাবে, কেন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে তা খতিয়ে দেখেছেন তদন্ত কমিটির সদস্যরা। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে বঞ্চিত হয়েছেন দর্শকরা তাও যুবভারতীতে ঘুরে তাও বোঝার চেষ্টা করেছেন তদন্ত কমিটির সদস্যরা। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল থেকেই গোট ট্যুর ইন্ডিয়া কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে।
হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে একঝলক দেখতে মেসিভক্তরা ভিড় করেছিলেন। কিন্তু সেই অনুষ্ঠান কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী লিওনেল মেসি, দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। একইসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি করে দেন।
