
ক্রীড়া দফতর নিজের হাতে রেখে অরূপ বিশ্বাসকে আপাতত অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে।
ক্রীড়া দফতরের অতিরিক্ত দায়িত্ব নিজেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী কেলেঙ্কারি ঘিরে বিতর্কের মধ্যে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব ছাড়তে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। বিষয়টি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুক পোস্টে প্রথম প্রকাশ্যে এনে অরূপ বিশ্বাসকে অব্যাহতির মুখ্যমন্ত্রীর অনুমোদনের কথা জানিয়েছিলেন। অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুবকল্যাণ দফতর ছাড়াও বিদ্যুৎ দফতরের মন্ত্রী। সেই দফতর অবশ্য অরূপ বিশ্বাসই সামলাবেন। চিঠিতে সোমবার ১৫ ডিসেম্বরের তারিখ ছিল। শ্রদ্ধেয়া দিদি দিয়ে শুরু করা চিঠিতে লেখা হয়েছে ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছেন। শেষে লিখেছেন তাঁর অনুরোধ যেন রাখা হয়।
তবে চিঠি নিচে অরূপ বিশ্বাসের কোনও স্বাক্ষর দেখা যায়নি। ইতিমধ্যেই ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উচ্চপদস্থ অফিসারদের নবান্নে ডেকে পাঠানো হয়েছে।








