
কংগ্রেসের অন্দরে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী-র মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন পাঞ্জাবের লুধিয়ানার প্রাক্তন সেই কংগ্রেস সাংসদ তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টু। রভনীত বলেছেন, বোন প্রিয়াঙ্কার সঙ্গে টানাপড়েন চলছে রাহুলের।
প্রিয়ঙ্কাই এখন বিরোধী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। সে কারণেই তিনি সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন জার্মানি সফরে চলে গিয়েছেন। এর আগে বিজেপি নেতাদের অনেকেই বিভিন্ন সময়ে গান্ধী পরিবারের অন্দরে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ তুলেছেন। এ বার সেই অভিযোগ এল কংগ্রেসেরই এক প্রাক্তন প্রথম সারির নেতার তরফে।
রভনীতের পিতামহ বিয়ন্ত সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৫ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীনই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন তিনি। গত বছর মার্চ মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
