
দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল-এর বায়ুদূষণ রুখতে সরকারি পদক্ষেপ পুরোপুরি ব্যর্থ। বুধবার এই সংক্রান্ত একটি মামলায় এমনই মৌখিক পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, দূষণ রুখতে তাৎক্ষণিক পদক্ষেপের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
দিল্লির বায়দূষণ রুখতে সরকারি পদক্ষেপ যথাযথ নয়, এই অভিযোগ তুলে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে। জাতীয় সড়়ক কর্তৃপক্ষ এবং দিল্লি পুরনিগমকে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, যান চলাচল স্বাভাবিক রেখে দূষণ নিয়ন্ত্রণ করতে ন’টি টোল প্লাজা হয় অস্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হোক, না হলে সেগুলি সরিয়ে দেওয়া হোক।
দিল্লিতে ঢোকার মুখে ওই টোল প্লাজা গুলি রয়েছে। অভিযোগ উঠেছে, ওই টোল প্লাজাগুলির আগে এবং পরে দীর্ঘ গাড়ির সারি দিল্লিতে যানজট বাড়াচ্ছে।
