
নতুন এক বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক, যেখানে নির্দিষ্ট কিছু ইউজার মাসে কতগুলো লিংক শেয়ার করতে পারবেন তার একটি সীমা বা লিমিট নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছে কোম্পানিটি। ব্রিটেন এবং আমেরিকার কিছু ইউজারের কাছে আসা নোটিফিকেশনে বলা হয়েছে, সাবস্ক্রিপশন ছাড়া ফেসবুক পোস্টে কেবল নির্দিষ্ট সংখ্যক লিংক শেয়ার করতে পারবেন তারা।
আর সাবস্ক্রিপশনের খরচ প্রতি মাসে প্রায় ৯.৯৯ পাউন্ড থেকে শুরু হবে।বিষয়টি নিশ্চিত করে মেটার একজন মুখপাত্র বলেছেন, এটি সীমিত সময়ের পরীক্ষা, যার উদ্দেশ্য বেশি পরিমাণে লিংক শেয়ারের সুবিধাটি মেটা ভেরিফাইড সাবস্ক্রাইবারদের জন্য বাড়তি কোনো গুরুত্ব যোগ করে কি না তা যাচাই করা।সোশ্যাল মিডিয়ায় বিশেষজ্ঞ ম্যাট নাভারা বলেছেন, ফেসবুক এখন কেবল বিজ্ঞাপন থেকে আয় করে সন্তুষ্ট নয়, বরং প্ল্যাটফর্মের সাধারণ ফিচারের ওপর সীমাবদ্ধতা আরোপ করে ইউজারদের কাছ থেকে সরাসরি অর্থ নেওয়ার পথ খুঁজছে।
বিষয়টি আসলে ভেরিফিকেশন বা পরিচয় যাচাইয়ের নয়, বরং প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফিচারকে সাবস্ক্রিপশন প্যাকেজের ভেতর আটকে দিতে চাইছে কোম্পানিটি। মেটা ভেরিফাইড সুবিধাটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারদের ব্লু টিক বা নীল চিহ্ন দেওয়ার মাধ্যমে উন্নত মানের অ্যাকাউন্ট সাপোর্ট বা কারিগরি সহায়তা ও পরিচয় চুরির হাত থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয়।
