
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কি মানুষের চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতার ক্ষতি করছে। এ নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
এমআইটি’র সাম্প্রতিক এক গবেষণা বলছে, এআই চ্যাটবট ব্যবহার করে লেখা তৈরির সময় মানুষের মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণ কম সক্রিয় হয়।অনেকে এআইয়ের সাহায্যে কঠিন প্রশ্নের উত্তর তৈরি করেন, বড় ডেটা বিশ্লেষণ করেন, আবার কেউ কভার লেটার পরীক্ষা করতে দেন। এতে কাজের সুবিধা বেড়েছে ঠিকই, কিন্তু কিছু বিশেষজ্ঞ মনে করছেন এতে মানুষের সমালোচনামূলক ভাবনা, সমস্যা সমাধান ও যুক্তিবোধ দুর্বল হয়ে পড়তে পারে।এমআইটি গবেষণার অংশ হিসেবে ৫৪ জন অংশগ্রহণকারীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন করা হয়।তাঁদের ব্রেন কার্যক্রম ইইজি বা ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়।
গবেষকরা জানান, চ্যাটজিপিটি ব্যবহার করে লেখা তৈরি করার সময় মস্তিষ্কের যেসব অংশ সাধারণত সক্রিয় থাকার কথা, সেগুলো তুলনামূলক কম কাজ করছিল।গবেষণায় আরও তুলে ধরা হয়, যেসব অংশগ্রহণকারী এআই দিয়ে লেখা তৈরি করেছিলেন, তারা নিজেদের লেখা থেকে তথ্য উদ্ধৃতি দিতে অসুবিধায় পড়েন। গবেষকদের মতে, এটি শেখার ক্ষমতা কমে যাওয়ার সতর্ক সংকেত।
