
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলএ-দের নিয়ে সভার দিনই তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিইও দফতরে। বিএলও আপে একাধিকবার বদল নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা।
শুধু তাই নয়, আন্দোলনকারীদের আরও দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যাচ্ছে না। সোমবার দুপুরে বিএলও-দের একটা বড় অংশ সিইও দফতরের বাইরে জমায়েত করে। তাঁদের সহযোগিতায় সামিল ছিল বিএলও অধিকার রক্ষা কমিটি। তাঁরা ভিতরে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপরই ধস্তাধস্তি, বিক্ষোভ শুরু হয়। দফতরের সামনে ব্যারিকেড টেনে দেয় পুলিশ। সেগুলি ভেঙেই ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বিএলও-দের একমাসের ডিউটি দেওয়া হয়েছিল। পরপর নতুন নির্দেশ দেওয়া হচ্ছে কেন? নির্দেশের একটা সীমা থাকা উচিৎ। বিক্ষোভকারী কয়েকজন ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই স্লোগান তুলতে থাকেন। পুলিশের তরফে মাইকিং করে অনুরোধ জানানো হয়, ব্যারিকেড থেকে নেমে যাওয়ার জন্য। কিন্তু অনেকেই সেই নিষেধাজ্ঞা অমান্য করেই উঠে পড়ার চেষ্টা করেন।
এক মহিলা ব্যারিকেড টপকে ঢুকতে গেলে পুলিশ তাঁকে ধরে ফেলে। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দফতরের নিরাপত্তা।
