গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National কুয়াশার চাদরে উত্তর ভারত, দেরিতে বিমান-ট্রেন

    কুয়াশার চাদরে উত্তর ভারত, দেরিতে বিমান-ট্রেন

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স

    শীতের ঝোড়ো ব্যাটিং চলছে রাজধানী দিল্লি সহ সমগ্র উত্তর ভারত জুড়ে। তার সঙ্গে দোসর কুয়াশা ও দূষণ। মঙ্গলবার ফের দিল্লি ও লাগোয়া ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ঘুম ভেঙেছে ঘন কুয়াশা ও ধোঁয়াশার কম্বল চাপা দিয়ে।

    গাজিয়াবাদ ও নয়ডা সহ বহু জায়গায় এ কারণে দৃশ্যমানতা পৌঁছেছিল শূন্যে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ভোরের দিকে প্রায় শূন্যে পৌঁছেছে। খুব ভোরের দিকে প্রায় ২০০টি উড়ান দেরিতে ছেড়েছে এবং বাতিল করা হয়েছে ১০টি। একইসঙ্গে রাজধানী শহর ও সংলগ্ন এলাকার বাতাসের দূষণও ছিল ভয়ঙ্কর মাত্রায়। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ুদূষণের মাত্রা ৪১৪ ছুঁয়ে যায়।

    পাশাপাশি দেরিতে চলছে একাধিক রুটের দূরপাল্লার ট্রেনও। দিল্লি ছাড়াও ঘন কুয়াশায় মোড়া রয়েছে পার্শ্ববর্তী পাঞ্জাব ও উত্তরপ্রদেশ। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানও কুয়াশার হামলা থেকে মুক্তি পাচ্ছে না আপাতত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।