
বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাস-কে নৃশংস খুনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী একাধিক সংগঠন।
পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে গেলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন তাঁরা। এরপরই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। সাময়িক লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে এলাকায়। এ দিন বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের সদস্যরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে যোগ দেন।
সেই পোস্টারে লেখা, এত অত্যাচার সহ্য করা ঠিক নয়। মুখ খুলুন, অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ান। বাংলাদেশের যুবক দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে ফুঁসছে এ পার বাংলা। এ দিকে এ দিনই বাংলাদেশের ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সে দেশের বিদেশ মন্ত্রক। সকাল ১০টা নাগাদ পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে দেখা করেন তিনি।






