
রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন খোদ মন্ত্রীই। মহিলাদের নিরাপত্তা নিয়ে কার্যত রাজ্যেরই সমালোচনা করেছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি।
পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলার উদ্বোধনে গিয়ে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরি বলেছেন এখন তো খবরের কাগজ খুলতে ভয় লাগে। আবার না কোনও নারী নির্যাতন বা ধর্ষণের খবর চোখে আসে। তিনি আরও বলেছেন সব সমাজেই কিছু বদমায়েশ থাকে। ব্যক্তি স্বাধীনতা যখন আছে, তখন এমন কাণ্ডকারখানা হবে। নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে মন্ত্রী বলেছেন মানুষ প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ধরণের ঘটনা ঘটতেই থাকবে।
তিনি যখন নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন তখন মঞ্চে বসে তৃণমূল বিধায়ক অখিল গিরি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
