তিরুবনন্তপুরম পুরসভায় প্রথম বিজেপি মেয়র

0
92
ছবি সৌজন্যে : এক্স

চার দশক পর এই প্রথম তিরুবনন্তপুরম পুরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপির কাউন্সিলার ভিভি রাজেশ। রাজ্যের রাজধানী শহরের বিদ্রোহী কংগ্রেস এমপি শশী তারুরের লোকসভা কেন্দ্রে ইতিহাসে প্রথম উড়েছে গেরুয়া পতাকা।

পুর নির্বাচনে জেতার পরপরই অবশ্য শশী তারুর বিজেপিকে ঐতিহাসিক সাফল্যের অভিনন্দন জানিয়েছিলেন।গণতন্ত্রের বিরাট জয় বলে ব্যাখ্যা করেছিলেন কংগ্রেস সাংসদ। এক্স পোস্টেই তারুর বলেছিলেন,কেরলের রাজধানীর রাজনৈতিক পটপরিবর্তনই পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। সেই মতো শুক্রবার বিজেপির বিজয়ী কাউন্সিলাররা রাজেশকে দলনেতা নির্বাচিত করেন। ৫০ জন বিজেপি সহকর্মী ছাড়াও একজন নির্দল কাউন্সিলারের সমর্থন নিয়ে রাজেশ মেয়র নির্বাচিত হয়েছেন।

প্রায় চার দশক ধরে তিরুবনন্তপুরম পুরসভা ছিল সিপিএমের দখলে। এবার পুরভোটে বিজেপি জিতেছে ৫০ আসনে। ত্রিমুখী নির্বাচনে বামেদের দুর্জয় ঘাঁটি ভেঙে গিয়েছে মাত্র ২৯ আসনে। বামেদের মেয়র পদপ্রার্থী হয়ে লড়েছিলেন সিপিএমের আরপি শিবাজি। অন্যদিকে, আগেরবারের তুলনায় আসন সংখ্যা দ্বিগুণ করে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা পেয়েছে ১৭ আসন।