হাদির হত্যাকারীদের গ্রেফতার চেয়ে বিক্ষোভ ঢাকায়

0
123
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে পুলিশের সক্রিয়তা চেয়ে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাতভর বিক্ষোভ হয়েছে ঢাকায়।

শনিবারও সারা দিন শাহবাগে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যেরা। প্রয়োজনে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। দাবি, সরকারের উপদেষ্টাদের শাহবাগে তাঁদের সামনে উপস্থিত হতে হবে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারি উদ্যোগে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়। এর পরেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। সংগঠিত গণরোষের কোপে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দফতর। হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু মূল হত্যাকারী ফয়সাল করিম এবং তাঁর প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি।

অভিযোগ, তাঁরা ভারতে পালিয়ে এসেছেন।ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন,যত ক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী এবং এই হত্যায় জড়িত সকলকে গ্রেফতার না-করা হচ্ছে, তাঁরা রাজপথ ছাড়ছেন না। তাঁদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এদিকে হাদির ভাই ওমর প্রয়োজনে ইউনূসের বাসভবন ঘেরাওয়ের বার্তা দিয়েছেন।