
নিউটাউনে বহু প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে।
তাঁর কথায়, তিনি জমি দেখে রেখেছেন। তারিখও মনে মনে ঠিক করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব ধর্মকে ভালবাসতে হবে। তিনি সব ধর্মকে ভালোবাসেন। গুরুদ্বারে যখন যান, তখন মাথায় চাদর দেন। রোজায় গেলে বিতর্ক কেন? তিনি আজ এখানে এসেছেন তারজন্য হিন্দু ধর্ম অনুসারে গায়ে চাদর জড়িয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউটাউনে একশন এরিয়া ১-র কাছেই দু’লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হবে এই দুর্গা অঙ্গন। তাঁর কথায়, এটা এত বড় করে করা হয়েছে যে মন্দিরে উঠোনেই এক লক্ষ লোক বসে থাকতে পারবেন।
এখানে সবুজ দিয়ে ঘেরা খোলা চত্বর রাখা হয়েছে। এই চত্বরের চারপাশে ২০ ফুট চওড়া ঘোড়ার পথ করা হচ্ছে। ১ হাজার ৮টি স্তম্ভ হচ্ছে। মূল গর্ভগৃহের উচ্চতা হবে ৫৪ মিটার। মূল মণ্ডপ ছাড়াও সিংহদূয়ার, ও অন্য মণ্ডপও থাকবে। প্রাকৃতিক আলো এবং বাতাসের উপর নির্ভর করা হবে।
