
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে হোটেল থেকে বেরোতে না দেওয়ার হুমকি ভারতের জন্য বিপজ্জনক। সাংবাদিক বৈঠক করে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়ে বলেছিলেন, অমিত শাহ একটি হোটেলের ভিতরে লুকিয়ে ছিলেন। আর তৃণমূল না চাইলে তিনি হোটেলের বাইরে পা রাখতে পারতেন না, এবং তিনি ভাগ্যবান যে হোটেল থেকে বেরিয়ে যেতে দিয়েছেন। যদিও, এই ধরণের ঘটনা এই প্রথম নয় মন্তব্য করে সম্বিৎ পাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ-কে হুমকি দিচ্ছেন না, ভারতকে হুমকি দিচ্ছেন।
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে ৩০০ জনেরও বেশি বিজেপি কর্মী নিহত হয়েছেন। বস্তুত এর আগেই বাঁকুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহ-কে মহাভারতের চরিত্র দুর্যোধন এবং দুঃশাসনের সঙ্গে তুলনা করেন। শাহের অভিযোগের জবাবে তিনি জোর দিয়ে বলেন যে, তৃণমূল কংগ্রেস সরকার পেট্রাপোল এবং অন্ডালে বেড়া দেওয়ার জন্য জমি দিয়েছে।






