সুইৎজারল্যান্ডের পানশালা বিস্ফোরণে মৃত ৪০

0
103
ছবি সৌজন্যে : এক্স

বর্ষবরণের রাতে প্রবল বিস্ফোরণে সুইৎজারল্যান্ডের এক পানশালায় অন্ততঃ ৪০ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে সুইৎজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায় ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, সে সময় পানশালার ভিতরে বহু মানুষ বর্ষবরণের উদ্‌যাপনে ব্যস্ত ছিলেন। তাঁরা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। খবর, স্থানীয় সময় অনুযায়ী রাত প্রায় দেড়টা নাগাদ ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন নামে একটি পানশালায় ঘটনাটি ঘটে। পানশালায় নববর্ষ উদ্‌‌যাপনের মাঝে একের পর এক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় গোটা পানশালায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সকলে।

ভ্যালাইস ক্যান্টন পুলিশ জানিয়েছে, ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবাগুলি। আনা হয়, একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করার চেষ্টা চলছে।