
নিউ ইয়ারের পার্টিতে দেদার খাওয়াদাওয়া আর মদ্যপানের পরে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। গুরুতর অসুস্থ ১১ জন। বুধবার রাতে হায়দরাবাদের জগদগিরিগুটা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ভেজাল মদ কিংবা খাদ্যে বিষক্রিয়ার জেরেই এমন ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, নববর্ষ উদযাপন করতে জগদগিরিগুটার একটি কমিউনিটি হলে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। নিজেরাই রুটি, চিকেন বিরিয়ানি আর মাছের ঝোল রান্না করে খাবারের ব্যবস্থা করেন। সঙ্গে চলে দেদার মদ্যপান। সারা রাত হুল্লোড়ের পরে বৃহস্পতিবার সকালে যে যার বাড়ি চলে যান।
কিন্তু দুপুর থেকেই পেট ব্যথা আর বমি শুরু হয় কয়েক জনের। ৯ জন অজ্ঞান হয়ে যান। পুলিশ জানায়, অচেতন ৯ জনকে স্থানীয় মল্লা রেড্ডি হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনকে নিয়ে যাওয়া হয় রাম দেব হাসাপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রমেন পান্ডু নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
