শিক্ষককে মেরে হাত ভেঙে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা

0
174
ছবি সৌজন্যে : নিজস্ব
মাদ্রাসার ক্লাসরুম বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। মারের চোটে শিক্ষকের হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ।
অন্য আরেক শিক্ষকের মাথা ফেটেছে বলে অভিযোগ। মালদার হরিশচন্দ্রপুরের মাদ্রাসার ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে দুর্নীতিতে অভিযুক্ত টিআইসিকে সরিয়ে নতুন টিআইসি নিয়োগ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসায় টিচার ইন চার্জ মহম্মদ হেবুজর রহমান ও সহকারী শিক্ষক আবজাল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রাক্তন টিচার ইন চার্জ টিআইসি মহম্মদ আবুজার ও হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ ১১ জনের বিরুদ্ধে। আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে ১৩ ডিসেম্বর আবুজার কে সরিয়ে নতুন টিআইসি করা হয় হেবজুরকে। তা মেনে নিতে পারেন নি প্রাক্তন টিআইসি আবুজার। অভিযোগ এরপর দলবল নিয়ে এসে নতুন টিআইসি হেবজুরের ওপর চড়াও হন। অফিস রুম থেকে টেনে হিঁচড়ে ক্লাস রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ২ হাত ভেঙে গিয়েছে নতুন টিআইসির।
জোর করে মাদ্রাসার সাদা লেটার প্যাডে সই করিয়ে নেওয়া হয়। স্বীকারোক্তির মোবাইল রেকর্ড করে নেওয়া হয় যে তিনি টিআইসির পদ ছেড়ে দিতে রাজি। সহকারি শিক্ষক আবজাল বাঁচাতে গেলে তাঁকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।