
কয়েকদিন ধরে চলছিল জল্পনা, দুর্নীতির অভিযোগও উঠেছিল। শেষপর্যন্ত কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেতা তথা কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি। শনিবার সদর মহকুমাশাসকের বাড়িতে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন রবীন্দ্রনাথ। জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তিনি পদত্যাগ করেছেন। একসময় কোচবিহারের তণমূলের জেলা সভাপতি ছিলেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ২০২২-এ পুরসভা নির্বাচনে জয়ের পর তাঁকেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল। মাসখানেক আগে কোচবিহার পুরসভায় রদবদল হয়।
তুফানগঞ্জের ভাইস চেয়ারম্যান, মাথাভাঙার চেয়ারম্যান এবং হলদিবাড়ির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বদল হয়। সেই সময় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়। কিন্তু তিনি নিজের পদ আগলে রেখেছিলেন।









