
ঠান্ডার নিরিখে হিমাচল প্রদেশের শিমলা এবং উত্তরাখণ্ডের মসুরীকে পিছনে ফেলে দিয়েছে দিল্লি এবং হরিয়ানার গুরুগ্রাম। রাজধানী দিল্লিতে মঙ্গলবার দিনের সর্বনিম্ম তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্য দিকে, হরিয়ানার গুরুগ্রামে সেই তাপমাত্রা প্রায় শূন্যে পৌঁছে গিয়েছে। শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মসুরীর তাপমাত্রা ৭.৭। জানুয়ারির শুরু থেকেই উত্তর ভারত জুড়ে ঠান্ডার প্রকোপ বেড়েছে।বলা হচ্ছে পশ্চিম হিমালয় অঞ্চলের হাড়কাঁপানো কনকনে হাওয়া কোনও বাধা ছাড়াই ঢুকছে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। ফলে হু-হু তাপমাত্রা নামছে এই অঞ্চলগুলিতে। তার সঙ্গে চলছে শৈত্যপ্রবাহও। ফলে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে উঠেছে। দিল্লিতে গত চার দিন ধরেই তাপমাত্রা ৪ ডিগ্রিতে ঘোরাফেরা করছিল। কিন্তু দু দিন আগেই রাজধানীর আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির নীচে নেমে যায়। তবে মঙ্গলবার তাপমাত্রা আরও নেমেছে। ফলে এটিই এখনও পর্যন্ত রাজধানীতে এই মরসুমের শীতলতম দিন।অন্য দিকে, হরিনায়াতেও শৈত্যপ্রবাহ জারি। গুরুগ্রামে তাপমাত্রা মঙ্গলবার প্রায় শূন্যে নেমে গিয়েছে।
হরিয়ানার এই শহরে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদেরা বলছেন, গত ৫০ বছরে গুরুগ্রামে এই পর্যায়ে তাপমাত্রা নামেনি।




