
ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে নিহতের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবাও।
ইরানের সরকারি সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দু হাজার পেরিয়ে গিয়েছে। তার মধ্যে বেশ কয়েক জন নাবালক।এদিকে ইরানে বিক্ষোভ তীব্রতর হতেই কড়া হাতে দমনপীড়ন শুরু করেছে নিরাপত্তা বাহিনী।সোমবারই নরওয়ের সংস্থা ইরান হিউম্যান রাইটস,আইএইচআর জানিয়েছিল, এখনও পর্যন্ত ন’জন নাবালক-সহ মোট ৬৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। তবে মঙ্গলবার ইরানের সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, বিক্ষোভে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত দু হাজার জনের। যদিও বিভিন্ন বেসরকারি সূত্রের দাবি, সংখ্যাটা আদতে ৬ হাজার-এরও বেশি। বিক্ষোভে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। পাশাপাশি, বিশ্বে ইন্টারনেট পর্যবেক্ষক গোষ্ঠী নেটব্লক্স জানিয়েছে, গত প্রায় চার দিন ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা প্রায় বন্ধ।কোথাও কোথাও খুব মন্থর গতিতে পরিষেবা মিলছে। মঙ্গলবার দেশের কোনও কোনও প্রান্ত থেকে আন্তর্জাতিক ফোন করা গেলেও নেট পরিষেবা এখনও চালু হয়নি। দেশজোড়া এই ইন্টারনেট ব্ল্যাকআউট-এর জেরে ইরানের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তেমন কোনও খবর পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর অনুমান, এখনও পর্যন্ত অন্তত ১০ হাজার জনকে আটক করা হয়েছে। অন্যদিকে নেট পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সাম্প্রতিক পরিস্থিতির কিছু ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
সংবাদসংস্থা-র একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, তেহরানের দক্ষিণে একটি মর্গের বাইরে কয়েক ডজন বেওয়ারিশ মৃতদেহ পড়ে রয়েছে। তার মাঝেই প্রিয়জনের খোঁজে হাতড়ে বেড়াচ্ছেন আত্মীয়স্বজনেরা।








