
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বাড়িতে অগ্নিকাণ্ড। বুধবার সকালে দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী।
জানা গিয়েছে, বুধবার সকাল ৮ টা ০৫ মিনিট আগুন লাগার ঘটনাটি ঘটে। রবিশঙ্করের সরকারি বাসভবনটি দিল্লির লুটিয়েন্স জোনের ২১ মাদার টেরিজা ক্রিসেন্ট রোডে রয়েছে। দমকল সূত্রে খবর, প্রথমে তারা জানতে পারে লুটিয়েন্স জোনের ২ নম্বর বাড়িতে আগুন লেগেছে। তবে পরে গিয়ে জানতে পারে আগুন লেগেছে ২১ নম্বর অর্থাৎ রবিশঙ্করের সরকারি বাসভবনে।
এরপরই দমকলের তিনটি ইঞ্জিন কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।








