
রুবেন আমোরিমের বিদায়ের পর ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে বসার গুঞ্জনে ছিলেন মাইকেল ক্যারিক ও ওলে গুনার সুলশার।
তবে চলতি ২০২৫-২৬ সিজনের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শেষ পর্যন্ত ক্যারিকের সঙ্গে নীতিগত চুক্তিতে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।আগামী শনিবার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে প্রাক্তন এই ইংলিশ তারকা ফুটবলারকে।ক্যারিককে ইউনাইটেডের ঘরের ছেলে বললেও খুব একটা ভুল হবে না। পেশাদার ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা এই ফুটবলার রেড ডেভিলদের হয়ে ৪৬৪ ম্যাচ খেলেছেন। এই সময়ে একটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ ট্রফি। এদিকে কোচ হিসেবেও একদম নতুন কেউ না ক্যারিক। ২০২১ সালে ম্যান ইউর তৎকালীন কোচ ওলের বিদায়ের পর তিন ম্যাচে দলের দায়িত্বে ছিলেন তিনি। যেখানে ২ ম্যাচে জয়ের সঙ্গে একটি ড্র এনে দিয়েছিলেন তিনি।এরপর মিডলসবরোকে ১৩৬ ম্যাচ কোচিং করিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ইংলিশ কোচ।এবার ক্যারিক দায়িত্ব নিচ্ছেন ইউনাইটেডের শেষ ১১১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময়ে।তাই এত বড় ক্লাবের সমর্থকদের প্রত্যাশার চাপ কতটা সামলাতে পারবেন তিনি তা সময় বলে দেবে। তবে তার লক্ষ্য থাকবে ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগে নিয়ে যাওয়া।বর্তমানে কাঙ্ক্ষিত সেই স্পট থেকে ৩ পয়েন্ট দূরে আছে রেড ডেভিলরা।
দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই পেপ গার্দিওলার সিটির মুখোমুখি হচ্ছেন তিনি। এরপর লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে মাঠে নামতে হবে ২৫ জানুয়ারি।








