
মাঘের শীতে পৌষের ঝাঁজ আর নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পারদ নামলেও ঠান্ডা আর হাড়কাঁপানো নয়।
সোমবারও কলকাতার তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ থাকবে ঊর্ধ্বমুখী। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার।
তবে কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারেও। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রা একইরকম থাকবে।




