আজই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন

0
79
ছবি সৌজন্যে : এক্স

পঞ্জিকার তিথি মেনেই সোমবার, মাঘ শুক্ল পক্ষের প্রতিপদে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে চলেছে বিজেপিতে। মনোনয়ন এবং স্ক্রুটিনি শেষে মঙ্গলবার, দ্বিতীয়ায় হবে আনুষ্ঠানিক ঘোষণা।

এই অবস্থায়, বিজেপি শাসিত রাজ্যগুলির সব মুখ্যমন্ত্রী, রাজ্য ইউনিটের সভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সোমবার দিল্লিতে দলীয় সদর দপ্তরে আসতে বলেছে বিজেপি। দলের জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে তাঁদের। যদিও, কার্যনির্বাহী জাতীয় সভাপতি নীতীন নবীনেরই দলের সভাপতি করা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিজেপি তাঁর পদোন্নতিকে সাংগঠনিক ঐক্যের একটি বড় ছবি হিসেবে দেখাতে চায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় প্রধান নির্বাচনের জন্য মনোনয়নপত্র ১৯ জানুয়ারি দুপুর ২টা থেকে ৪টার মধ্যে জমা দেওয়া যাবে এবং একই দিনে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।