
পথকুকুর মামলায় নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ — অসংযত মন্তব্য করার দায়ে তীব্র ভর্ৎসনা করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা পশুপ্রেমী মানেকা গান্ধী-কে।
মঙ্গলবার সম্প্রতি এক পডকাস্টে তাঁর করা মন্তব্য এবং বিশেষ করে তাঁর শরীরী ভাষা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত।বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সম্দীপ মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, মানেকা যা করেছেন তা আদালত অবমাননার শামিল। আদালত চাইলে ব্যবস্থা নিতে পারত, কিন্তু শুধুমাত্র মহানুভবতা দেখিয়ে তা করা হচ্ছে না। মানেকার আইনজীবী রাজু রামচন্দ্রনের উদ্দেশে বিচারপতি বিক্রম নাথ বলেছেন, তাঁর মক্কেল বিচারব্যবস্থা নিয়ে যা ইচ্ছে তাই বলছেন।
শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন রাজু রামচন্দ্রন। মানেকা গান্ধীর আইনজীবী জানিয়েছেন, এই মামলাটি আদালত অবমাননার নয়। তাই তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না। যাঁরা রাস্তায় কুকুরদের খাওয়ান, সেই কুকুর কাউকে কামড়ালে তার দায় তাঁদেরই নিতে হবে।




