
পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সোনালি বিবি। কিন্তু, বাংলাদেশে থাকায় নবজাতকের মুখ দেখার সৌভাগ্য এখনও হয়নি সোনালি খাতুনের স্বামী দানিশ শেখ-র।
এরই মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে দানিশ-সহ চারজনকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার মামলার শুনানি ফের পিছিয়ে গিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, কেন্দ্রের আবেদন মেনে দানিশ-সহ চারজনকে ফিরিয়ে আনার মামলার পরবর্তী শুনানি হবে দু’সপ্তাহ পরে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে দু’সপ্তাহ সময় চান সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাঁদের দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিকস্তরে পদক্ষেপ করছে।
এদিকে আইনজীবীর মাধ্যমে দ্রুত শুনানির জন্য নির্দিষ্ট দিন ধার্য করার আবেদন জানান সোনালি খাতুনের বাবা ভাদু শেখ। তাঁর আইনজীবীর বক্তব্য, কলকাতা হাইকোর্ট ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ওঁদের ফিরিয়ে আনতে বলেছিল। তবে কেন্দ্রের আবেদন মেনে দুই সপ্তাহ পর শুনানি হবে বলে জানাল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ।




