
বরাবরের মতো,তিনি এলেন, দেখলেন, জয় করলেন। দুবাইয়ের জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে স্বমহিমায় দেখা দিয়েছেন শাহরুখ খান।
গত তিন দশকে তাঁর স্টাইলিশ লুক ফ্যান ফলোয়ারদের মন জিতে নিয়েছে বারবার। সময় বদলেছে। বদলে গিয়েছে আমূল দুনিয়াটাই। কিন্তু যেটুকু একই আছে, তার অন্যতম শাহরুখ খানের চার্ম। ষাট ছুঁয়েও তাঁর ব্যক্তিত্বের জৌলুসে মুগ্ধ সকলে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।সৌদি আরবের রিয়াধে জয় অ্যাওয়ার্ডসের ল্যাভেন্ডার কার্পেটে পুরোপুরি কালো আউটফিটে চমকে দিয়েছেন তিনি। কালো জ্যাকেট, কালো ট্রাউজার্সে তাঁকে দেখে কে বলবে তিনি এখন দেশের সিনিয়র সিটিজেন। বাদামি চুল, ট্রিম করা দাড়িতে তীক্ষ্ণ চোয়ালের দ্যুতি যেন আলো ছড়িয়ে দিয়েছে মঞ্চে।এছাড়া তাঁর কবজিতে ক্লাসিক ঘড়ি, ব্রেসলেট, গলায় নেকলেস,সবচেয়ে বড় অলঙ্কার তাঁর হাসি। সেই অর্থে ছিমছাম পোশাকেও যে মঞ্চে ঝড় তোলা যায় দুরন্ত ফ্যাশন স্টেটমেন্টে, তা বুঝিয়ে দিয়েছেন বাদশা। ফ্যান ফলোয়ার ও ফ্যাশন বিশেষজ্ঞরা একমত, তিনিই হয়ে উঠেছিলেন সন্ধের প্রধান আকর্ষণ।
প্রসঙ্গত, শাহরুখই ছিলেন প্রেজেন্টার। মিশরের অভিনেত্রী আমিনা খালিলের সঙ্গে এসেছেন মঞ্চে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে শাহরুখ ল্যাভেন্ডার কার্পেটের আয়োজকদের সঙ্গে কথা বলেন। সকলের নজর কেড়ে নেন এসআরকে। তিনি কোনও পুরস্কার পাননি। স্রেফ মঞ্চে দাঁড়িয়েই জিতে নিয়েছেন জনতার ভালোবাসা ও আশীর্বাদ।








