
গ্রিনল্যান্ডে মার্কিন প্রকল্প ‘দ্য গোল্ডেন ডোম’-এর বিরোধিতা করেছে আমেরিকার প্রতিবেশী দেশ কানাডা। শনিবার তাদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই সঙ্গে চিনের সঙ্গে কানাডার ঘনিষ্ঠতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, চিনের সঙ্গে বন্ধুত্ব করলে প্রথম বছরেই কানাডাকে ‘খেয়ে নেবে’ বেজিং। গ্রিনল্যান্ডে বিরাট এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান ট্রাম্প। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য গোল্ডেন ডোম’। ট্রাম্পের দাবি, এতে শুধু আমেরিকার লাভ নয়, বরং এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা গেলে কানাডাও সুরক্ষিত হবে। তাই নিরাপত্তার স্বার্থেই তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে আমেরিকার এই আগ্রাসনের বিরোধিতা করেছেন। জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডে মার্কিন দখলদারি অনুচিত এবং কানাডা তার ঘোর বিরোধী। এর পরেই শনিবার সমাজমাধ্যমে কানাডার বিরুদ্ধে মুখ খোলেন ট্রাম্প। তিনি লিখেছেন কানাডা গ্রিনল্যান্ডের ‘দ্য গোল্ডেন ডোম’-এর বিরোধী। অথচ, ‘দ্য গোল্ডেন ডোম’ কানাডাকে সুরক্ষাই দেবে।
চিন-কানাডার সম্পর্ক নিয়েও তোপ দেগেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, কানাডা চিনের সঙ্গে বাণিজ্য করার পক্ষে ভোট দিলেও চিন ওদের প্রথম বছরের মধ্যেই খেয়ে ফেলবে।








