
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দেশ। জায়গায় জায়গায় চলছে তল্লাশি অভিযান। তার মধ্যেই শনিবার রাতে মালবাহী রেল করিডরে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল পাঞ্জাবের ফতেগড়ে।
বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মালগাড়ির একটি ইঞ্জিন। উড়ে গিয়েছে রেললাইনের বেশ কিছুটা অংশও। গুরুতর জখম হয়েছেন এক লোকো পাইলট। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ‘খালিস্তান জিন্দাবাদ বোর্ড’। তারা লিখেছে, ‘এটা স্রেফ ট্রেলার ছিল। খালিস্তান তৈরির জন্য যুদ্ধ চলছে। আগামী দিনে যুদ্ধ জারি থাকবে।’
পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ৯.৫০ মিনিট নাগাদ খানপুর গ্রামের কাছে রেললাইনে তীব্র বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ইঞ্জিনটিও ক্ষতিগ্রস্ত হয়। ছিটকে পড়েন লোকো পাইলট। লাইন-সহ পুরো ব্যবস্থা পরীক্ষা করতে গোবিন্দগড় থেকে সিরহিন্দে যাচ্ছিল একটি মালবাহী ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পাঞ্জাব পুলিশও। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।








