
জ়ুবিন গর্গের মৃত্যুতদন্তের এখনও নিষ্পত্তি হয়নি। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, গায়কের মৃত্যুর নেপথ্যে কোনও ষড়যন্ত্র নেই। কিন্তু তাঁর পরিবার ও ফ্যান ফলোয়াররা এই দাবি মানতে নারাজ।
সিঙ্গাপুরের পাশাপাশি গুয়াহাটিতেও চলছে তদন্ত। কিন্তু তদন্তপ্রক্রিয়া এগোচ্ছে না বলে, এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছে জ়ুবিনের পরিবার।উল্লেখ্য গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছিলেন তিনি। ঘটনার তদন্তে গুয়াহাটিতে এসআইটি-ও গঠন হয়েছিল। কিন্তু তদন্ত এগোচ্ছে না দেখে মোদীকে চিঠি লিখল প্রয়াত গায়কের পরিবার।অসমের অগুনতি অনুরাগী জ়ুবিনের। গায়কের মরদেহ দেখতে গুয়াহাটির রাস্তা ছেয়ে গিয়েছিল তাঁর লক্ষ লক্ষ অনুরাগীতে। তাই অসমের সংস্কৃতির জন্য জ়ুবিন নামটি খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই জানিয়েছে গায়কের পরিবার। ঘটনার যাতে নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত হয়, সেই আর্জি জানিয়েছেন গায়কের পরিবারের সদস্যেরা। এদিকে দীর্ঘ দিন ধরে তদন্ত ও মামলা চলছে। কিন্তু সুবিচার এখনও দূরঅস্ত। ঘটনায় জ়ুবিনের আপ্তসহায়ক ও ব্যান্ডের সদস্যদের গ্রেফতারও করেছে পুলিশ।
কিন্তু এখনও কোনও নিষ্পত্তি না হওয়ায়, প্রশ্ন উঠছে তদন্তপ্রক্রিয়া নিয়ে। মোদীকে লেখা চিঠিতে জ়ুবিনের পরিবারের অনুরোধ, যতদিন না তদন্ত শেষ হচ্ছে, অভিযুক্তদের যেন কোনও ভাবেই জামিন না দেওয়া হয়। চিঠিটি লেখা হয়েছে গায়কের স্ত্রী গরিমা শঈকীয়া, বোন পালমী বরঠাকুর ও কাকু মনোজ বরঠাকুরের তরফ থেকে। তাঁদের বক্তব্য, শুধু শোকাতুর পরিবারই নয়। অসংখ্য অনুরাগীও এই তদন্তের নিষ্পত্তির আশায় রয়েছেন।








