
টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমি-ফাইনালেও ধরে রাখলেন এলেনা রিবাকিনা। দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই হলো, তবে প্রতিপক্ষকে আটকাতে পারলেন না আমেরিকার জেসিকা পেগুলা। সরাসরি সেটে জিতেই ফাইনালে উঠলেন রুশ তারকা।
মেলবোর্ন পার্কে পাঁচ ও ছয় নম্বর বাছাইয়ের মধ্যকার শেষ চারের ম্যাচটি এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। রড লেভার অ্যারেনায় ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে জয় নিশ্চিত করেন রিবাকিনা।টুর্নামেন্টের প্রথম সেট থেকে সেমি-ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচই সরাসরি সেটে জিতলেন ২৬ বছর বয়সী রিবাকিনা। ফাইনালে তিনি লড়বেন উওমেন্স সিঙ্গলসের র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার বিপক্ষে। ২০২৩ সালে বেলারুশের এই তারকার বিপক্ষেই ফাইনালে হেরেছিলেন রিবাকিনা।ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরেছেন রিবাকিনা, ২০২২ সালের উইম্বলডন।২৭ বছর বয়সী সাবালেঙ্কাও অসাধারণ ফর্মে আছেন।
তিনিও আসরে এখন পর্যন্ত কোনো সেটে হারেননি। ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা গত বছরও ফাইনালে উঠেছিলেন,কিন্তু ২০২৫ এর চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে তিনি হেরে যান ম্যাডিসন কিসের বিপক্ষে।টেনিসের ওপেন যুগে তৃতীয় মহিলা খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা চারবার ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা।







