
হলিউড তারকা মার্গট রবি লস অ্যাঞ্জেলেসে ওয়েদারিং হাইটস সিনেমার প্রিমিয়ারে এলিজাবেথ টেইলরের তাজমহল ডায়মন্ড নেকলেস পরে চমকে দিয়েছেন।
ঐতিহাসিক গয়নাটি একদিকে যেমন হলিউডের গ্ল্যামারের প্রতীক, অন্যদিকে তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের উত্তরাধিকার ও চিরন্তন প্রেমের গল্প। সহ-অভিনেতা জ্যাকব এলর্ডির সঙ্গে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে হাজির হন রবি। লস অ্যাঞ্জেলেসের টিসিএল চায়নিজ থিয়েটারে রবি হাজির হন গাউনে। তবে আলোচনার কেন্দ্রে ছিল তাঁর পোশাক নয়, বরং তার পরা গয়নাটি।৩৫ বছর বয়সী মার্গট রবি পরেছিলেন এলিজাবেথ টেইলরের বিখ্যাত হৃদয় আকৃতির তাজমহল ডায়মন্ড নেকলেস। পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এ গয়নার বর্তমান মূল্য প্রায় আট মিলিয়ন ডলার।কার্টিয়ারের তৈরি সোনা ও রুবি বসানো চেইনের এ নেকলেসটি টেইলরকে উপহার দিয়েছিলেন তাঁর পঞ্চম স্বামী, অভিনেতা রিচার্ড বার্টন,তাঁর ৪০তম জন্মদিনে, আজ থেকে পাঁচ দশকের বেশি আগে। মার্গটের এ গয়না পরা অনেকের কাছেই পুরোনো হলিউডের জাঁকজমক ও কিংবদন্তি প্রেমকাহিনির প্রতি এক সচেতন শ্রদ্ধার প্রকাশ বলে মনে হয়েছে। উল্লেখ্য টেইলর ও বার্টনের পরিচয় হয়েছিল ১৯৬২ সালে ক্লিওপেট্রা সিনেমার সেটে। তখন দুজনই অন্য সম্পর্কে ছিলেন। অন্যদিকে এই হীরার ইতিহাস শুধু হলিউডেই সীমাবদ্ধ নয়। হৃদয় আকৃতির, টেবিল-কাট এই হীরাতে পার্সি ভাষায় খোদাই করা আছে,ভালোবাসা চিরন্তন, পাশাপাশি লেখা আছে নূরজাহান নাম। ইতিহাসবিদদের মতে, এটি প্রথমে মোগল সম্রাট জাহাঙ্গীর তাঁর স্ত্রী নূরজাহানকে উপহার দেন। পরে এটি তাঁদের পুত্র সম্রাট শাহজাহানের হাতে আসে।গয়না বিশেষজ্ঞদের ধারণা, শাহজাহান পরে এটি তাঁর স্ত্রী মমতাজ মহলকে উপহার দেন।
সেখান থেকেই এটি মোগল সাম্রাজ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে এবং পরিচিতি পায় তাজমহল ডায়মন্ড নামে।







